প্রথম প্রস্তুতিমূলক কুদরাত-ই-খুদা সায়েন্স ক্যাম্প অনুষ্ঠিত

৭ ফেব্রুয়ারি, ২০২০ ২২:১৪  
ঢাকার অদূরে সাভারে অবস্থিত তাহফিজুল কুরআনিল কারিম ফাজিল (স্নাতক) মাদ্রাসায় অনুষ্ঠিত হয়েছে দুইদিনব্যাপী কুদরাত-ই-খুদা সায়েন্স ক্যাম্প। এতে মোট ৭৫ জন শিক্ষার্থী এতে অংশ নেয়। ক্যাম্পটি পরিচালনা করেছে বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির অ্যাকাডেমিক টিমের সদস্য মুশফিকুর রহমান প্রিয়, জাকারিয়া জনি এবং ইউসুফ জামিল। ক্যাম্পের প্রথম দিনে শিক্ষার্থীদের বিজ্ঞান কংগ্রেস এবং সায়েন্টিফিক মেথোডোলজি সম্পর্কে বিস্তারিত জানানো হয়েছে। এছাড়াও বিজ্ঞান কংগ্রেসে অংশগ্রহণের পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করার পাশাপাশি ক্যাম্পে বৈজ্ঞানিক মাপজোখ, গ্রাফ, বিজ্ঞান প্রজেক্ট, বৈজ্ঞানিক পেপার ও পোস্টার কীভাবে বানাতে হয়,তা নিয়ে শিক্ষার্থীদের বিস্তারিত ধারণা দেয়া হয়েছে। ক্যাম্পের দ্বিতীয় দিনে শিক্ষার্থীরা ৫ টি দলে ভাগ হয়ে বিভিন্ন বিষয়ে গবেষণা করে তথ্য সংগ্রহ করে এবং বৈজ্ঞানিক পোস্টার তৈরি কিভাবে করবে তা শিখতে পারে। ক্যাম্পে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা প্রথমবারের মতো বৈজ্ঞানিক কার্যপদ্ধতি প্রয়োগ করে এক্সপেরিমেন্ট করা এবং অনুকল্প পরীক্ষা কিভাবে করতে হয় তা করে দেখার চেষ্টা চালিয়েছে তাদের পোস্টারগুলোতে উঠে আসা বিষয়গুলি নিয়ে গবেষণার শুরুর সময়। তাহফিজুল কুরআনুল কারিম ফাজিল (স্নাতক) মাদ্রাসার দ্বাদশ শ্রেণীর ছাত্র হোসাইন ক্যাম্প শেষে তার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, "এরকম বিজ্ঞান বিষয়ক ক্যাম্প এই প্রথমবারের মত আমাদের মাদ্রাসায় অনুষ্ঠিত হয়েছে, আমরা ভবিষ্যতে আরো বেশি সময় নিয়ে এরকম বিজ্ঞানের প্রতি ভালোবাসা সৃষ্টিকারী ক্যাম্প করতে চাই।" একই মাদ্রাসার দশম শ্রেণীর ছাত্র মোহাম্মদ জায়েদ বলেছে, "এরকম বিজ্ঞান ক্যাম্পের মাধ্যমে শিক্ষার্থীরা বিজ্ঞানকে ভালোবেসে সঠিকভাবে গবেষণা করতে আগ্রহী হয়, ভবিষ্যতেও যাতে বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি এরকম ক্যাম্প আয়োজনের সুযোগ করে দেয় সেই আশাবাদ ব্যক্ত করছি।" প্রসঙ্গত, দেশের স্কুল-কলেজের শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান শিক্ষা জনপ্রিয় করে তোলা, শিক্ষার্থীদের বিজ্ঞানীদের মতো করে চিন্তা এবং গবেষণা করতে শেখানো এবং আন্তর্জাতিক ভাবে বিজ্ঞান আয়োজনগুলোতে বাংলাদেশের শিক্ষার্থীদের অংশগ্রহণের লক্ষ্য নিয়ে ৭ম বারের মতো আয়োজন করা হচ্ছে শিশু-কিশোর বিজ্ঞান কংগ্রেস ২০২০। এ বছর কংগ্রেস অনুষ্ঠিত হবে ৩-৪ এপ্রিল ২০২০ তারিখে ঢাকার আগারগাওয়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে। রেজিষ্ট্রেশন করতে হবে www.cscongress.net ওয়েবসাইটে গিয়ে। রেজিষ্ট্রেশন চলবে ২ ফেব্রুয়ারি ২০২০ থেকে ২৯ ফেব্রুয়ারি ২০২০ পর্যন্ত।